অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ড. মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ - ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোয় আনতে জারি করা হচ্ছে অধ্যাদেশ। এটি জারি হলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত হবে সরকারের মেয়াদ। সম্প্রতি ‘অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার। বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই থাকছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা। উপদেষ্টা পরিষদে নিয়োগ পাবেন না ২৫ বছরের কম বয়সীরা। সরকারি কর্মচারীদের সহায়তায় অন্তর্বর্তী সরকার কাজ করবে। তবে অধ্যাদেশ কত দিনের মধ্যে জারি হতে পারে, তা নিশ্চিত করে জানা যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর আমরা বিভিন্ন বিষয় পরীক্ষা করেছি। সরকারের পক্ষ থেকে আর কোনো নির্দেশনা না আসায় খসড়া চূড়ান্ত করা হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে। তারপর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করার ব্যবস্থা হবে।
আই.কে.জে/