শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির তিন সংগঠনের আয়োজনে নয়া পল্টনে চলছে তারুণ্যের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ রাজধানীর নয়াপল্টনে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয়েছে বিএনপির তিন সংগঠনের আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

আজ বুধবার (২৮শে মে) বেলা ২টার দিকে এ সমাবেশ শুরু হয়। আজকের এ সমাবেশ যৌথভাবে আয়োজন করেছে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

আয়োজকরা আশা করছেন, আজকের সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের সমাগম হবে। এরই মধ্যে সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়েছেন।

এ ছাড়া আজকের সমাবেশে যোগ দিতে সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি–শার্ট পরে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসেন নেতা-কর্মীরা। আর নানা দলীয় স্লোগানে মুখরিত নয়া পল্টন এলাকা। মূলত তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এ তিন সংগঠন।

আয়োজকদের মধ্যে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান সুখবরকে জানান, তারুণ্যের বাঁধভাঙ্গা উল্লাস নগরীতে। আর স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের সাক্ষী হতে চলেছে রাজধানীবাসী। এ সমাবেশের মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ের পথ সুগম হচ্ছে।

আজ বুধবার ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

আজকের সমাবেশে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলটির শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

আরএইচ/


যুবদল তারুণ্যের সমাবেশ বিএনপির সমাবেশে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250