টম ক্রুজ ও ব্র্যাড পিট। ছবি: ইনস্টাগ্রাম
নতুন সিনেমা আসছে ব্র্যাড পিটের। ‘এফ ওয়ান’ নামের সিনেমাটি ২৭শে জুন মুক্তি পাবে বিশ্বব্যাপী। তার আগে ২৩শে জুন এফ ওয়ানের প্রিমিয়ার হয়ে গেল লন্ডনের লেস্টার স্কয়ারে। সেখানে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন টম ক্রুজ। বন্ধু ব্র্যাড পিটের সিনেমার জন্য শুভকামনা জানাতে এসেছিলেন ক্রুজ। একসঙ্গে সিনেমা দেখলেন, ক্যামেরার সামনে পোজ দিলেন। খবর ভ্যারাইটির।
হলিউডের এ দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। কারণ, প্রায় ২৪ বছর পর একসঙ্গে প্রকাশ্যে পাওয়া গেল তাদের। সবশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্ট দেখতে গিয়ে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন তারা।
ক্রুজ ও পিট এ বছর হলিউডের সবচেয়ে বড় দুটি সিনেমার প্রধান মুখ। টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’ এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে। ইথান হান্ট হয়ে ফিরেই ওপেনিং উইকেন্ডে ২০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে রেকর্ড গড়েছেন টম ক্রুজ।
মে মাসে মুক্তি পাওয়া সিনেমাটি এ পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে। টম ক্রুজের আরেকটি সফল সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’-এর নির্মাতা জোসেফ কোসিনস্কি ব্র্যাড পিটকে নিয়ে বানিয়েছেন এফ ওয়ান। এ সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনেক দিন ধরে।
খবরটি শেয়ার করুন