বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয় ও অসম্মানজনক: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অসুর রূপে প্রতিমা উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

আজ বুধবার (১লা অক্টোবর) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক-বিতর্ক থাকতেই পারে। তাই একটি দেশের সরকারপ্রধানকে অন্য একটি দেশে অসুর অর্থাৎ শয়তান বানিয়ে উপস্থাপন করা অশোভন ও দুঃখজনক। যারা এই কাজ করেছে, তারা ভালো করেনি। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট হয়।

এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে কারা এগুলো করেছে, খোঁজ নিয়ে যা করার করবেন। 

এ ছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বৃহৎ এই উৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি।

উপদেষ্টা আরও বলেন, দেশ গঠনে মাদ্রাসাশিক্ষার্থীরা আগের মতো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারণ মাদ্রাসাশিক্ষার্থীদের অনেকে প্রশাসন, চিকিৎসক, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। 

কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের শায়খ আব্দুল ওয়াহিদ ভূঁইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া প্রমুখ।

আ ফ ম খালিদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250