বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে বলে স্পষ্ট করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা আজকেও (৪ঠা ডিসেম্বর, বৃহস্পতিবার) আরো কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি—অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন—অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া বিএনপি এ প্রক্রিয়ার বাইরে যেতে চায় না। আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক… জনগণ যেন ঠিক করতে পারে রাষ্ট্র কে চালাবে।

বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

বৈঠকটিতে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া—যাকে দেশবাসী শ্রদ্ধা করে—তার রোগমুক্তির জন্য সবাই দোয়া করছে। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আল্লাহর মেহেরবানীতে সম্ভবত কাল ভোরে তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন।’

নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বরাবরই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছি—১৪–১৫ বছর ধরে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই… এখনো বলছি—যথাসময়ে নির্বাচন হোক।’

তিনি জানান বৈঠকে বিএনপির পক্ষ থেকে ভোটকেন্দ্র ও বুথসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এবার ভোটটা হচ্ছে দুইটা ব্যালটে—একটা সংসদ সদস্য নির্বাচনের, আরেকটা গণভোটের। যেখানে একটা ব্যালটে ভোট দিতে যথেষ্ট সময় লাগে, সেখানে আমরা দেখলাম, নির্বাচন কমিশন এমন প্রস্তাব করেছে, যেখানে বুথপ্রতি ভোটারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা চাই, সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে—কেউ যেন ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয়। তাই বিএনপির পক্ষ থেকে ভোটের সময়সীমা ও বুথ সংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

নজরুল ইসলাম খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250