রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি *** সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘মৃত্যু’ হয়েছে উল্লেখ করে ইসলামি প্রজাতন্ত্র অবসানের আহ্বান জানিয়েছেন নির্বাসিত ইরানি রাজপুত্র রেজা পাহলভি।

বাংলাদেশ সময় আজ রোববার (১লা মার্চ) সন্ধ্যার পর এক্স-এ দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রয়াত খামেনিকে ইরানি পুরাণের কুখ্যাত অত্যাচারী রাজা ‘জাহাক’ হিসেবে আখ্যায়িত করেন। তথ্যসূত্র: বিবিসি।

যুক্তরাষ্ট্রে অবস্থান করা পাহলভি বলেন, ‘আমাদের সময়ের জাহাক খামেনি আর নেই এবং তার সঙ্গে শাসনব্যবস্থার অনেক নিয়োগপ্রাপ্ত ও ঘনিষ্ঠরাও বিদায় নিয়েছেন।’

পাহলভি তার বার্তায় ইসলামি প্রজাতন্ত্রকে ‘সন্ত্রাসের প্রজাতন্ত্র’ ও ‘দৈত্যের শাসন’ বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, জনগণের ইচ্ছা ও সাহসের মাধ্যমে এই শাসনব্যবস্থা শিগগিরই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। ইরান একটি ‘পূর্ণাঙ্গ পতন’ চায় এবং সেই লক্ষ্য অর্জনে আন্দোলন আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের বেঁচে থাকা অবশিষ্ট রাষ্ট্রীয় কর্মকর্তাদের উদ্দেশে পাহলভি আহ্বান করেন—তারা যেন জনগণের কাছে আত্মসমর্পণ করেন, তার প্রস্তাবিত রূপান্তর পরিকল্পনার প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং আর কোনো রক্তপাত ছাড়াই ক্ষমতা হস্তান্তর করেন।

খামেনির উত্তরসূরি নিয়োগের যে কোনো প্রচেষ্টা ‘আগেভাগেই ব্যর্থ’ হবে বলেও তিনি সতর্ক করেন। তার ভাষ্য মতে, নতুন কাউকে বসানো হলেও তিনি বৈধতা পাবেন না এবং বর্তমান শাসনের অপরাধের অংশীদার হিসেবে বিবেচিত হবেন।

সামরিক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে পাহলভি আহ্বান জানান, তারা যেন ‘মহান ইরান জাতিকে’ রক্ষা করেন, ইসলামি প্রজাতন্ত্রকে নয়। তিনি ‘লায়ন অ্যান্ড সান রেভল্যুশন’-এর প্রতি সমর্থন জানিয়ে জনগণের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অস্ত্র যেন জনগণের বিরুদ্ধে নয়, বরং তাদের সুরক্ষায় ব্যবহৃত হয়।

পাহলভির দাবি, খামেনির মৃত্যু অতীতে ঝরে যাওয়া রক্তের প্রতিদান না দিলেও শোকাহত পরিবারগুলোর মনে কিছুটা প্রশান্তি আনতে পারে। তবে এটিই শেষ নয়—আগামী দিনগুলোকে স্পর্শকাতর উল্লেখ করে তিনি জনগণকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি প্রবাসী ইরানিদের প্রতিও আন্তর্জাতিক অঙ্গনে প্রচার জোরদার করার আহ্বান জানান, যাতে বিশ্ব ইরানি জনগণের অবস্থান শুনতে পায় এবং ইসলামি প্রজাতন্ত্রের পতনের দাবিকে সমর্থন করে।

রেজা পাহলভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250