সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

প্রকৃতিতে বইছে শীতের আমেজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে বিদায় হচ্ছে হেমন্ত। এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত নামা শুরু হয়েছে। বইতে শুরু করেছে হিম বাতাস। 

শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে।

পাড়া-মহল্লার দোকানে চোখে পড়ছে লেপ-তোশক তৈরির চিত্র। কোথাও আবার দেখা যাচ্ছে, গাছ থেকে পাতা ঝরছে। ঝরছে শিউলি ফুলও।

ভোরের সোনারাঙা রোদে গ্রামের ছোট্ট বাজারে চায়ের দোকানে বসছে জটলা। এক কাপ চায়ে চনমনে হয়ে উঠছে সবার মন। কোথাও আবার ঢেঁকির ছন্দে চলছে নতুন চালের গুঁড়া তৈরির কাজ। গাছিরাও ব্যস্ত খেজুর গাছ কাটতে।

এমন অবস্থায় শীতের কাপড়ের ব্যবহার শুরু না হলেও শেষ রাতে গায়ে কাঁথা চাপাচ্ছেন অনেকেই। তারা বলছেন, দিনের বেলায় খুব একটা অনুভূত না হলেও সন্ধ্যা নামার পর থেকে ভোর পর্যন্ত ঠিকই টের পাওয়া যায় শীত আস্তে আস্তে আসছে। তাছাড়া শরীরের ত্বকেও টান পড়ছে, শুষ্ক হয়ে যাচ্ছে ঠোঁট।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কোথাও শীতের পোশাক বিক্রি হচ্ছে, ফুটপাতে বসেছে মুখরোচক পিঠাপুলির পসরা। পাশাপাশি বাজারে মিলছে শীতকালীন টাটকা সবজিও।

এদিকে আগামী তিন মাসের (নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি) দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ২ থেকে পাঁচটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ১ থেকে দুটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ ছাড়া আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। একইসময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে ৮ থেকে ১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে তিনটি তীব্র শৈত্য প্রবাহে রুপ নিতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে উত্তরবঙ্গের লোকজন সকালের দিকে শীতের অনুভূতি পাচ্ছেন। চলতি মাসের ১৫ তারিখের পর দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পঞ্চিমাঞ্চলে শীতের অনুভূতি তৈরি হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহ বইবে ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে।

ওআ/ আই.কে.জে/


শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250