বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন করার দাবি ডিআরইউ’র

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

আজ রোববার (২৪শে আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, অনেক গণমাধ্যম তার কর্মীদের ঠিকমতো বেতন দিচ্ছে না। সাংবাদিকদের কোনো বেতন কাঠামো নেই। দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও কার্যত তা হচ্ছে না। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে।

তাই বর্তমান সরকারকে দ্রুত নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজবোর্ড করতে হবে।

বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিক সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে রাত ১১টায় বাসায় ফেরেন। অনেক প্রতিষ্ঠানে বলা হয় সাংবাদিকদের ৮ ঘণ্টা বলতে কোনো ডিউটি নেই। সাংবাদিকদের ডিউটি সারাদিন। সাংবাদিকরা কি শ্রম আইনেও পড়েন না? তাহলে কেন সাংবাদিকদের এভাবে খাটানো হচ্ছে?

বিবৃতিতে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানগুলো সপ্তাহে ২ দিন ছুটি ভোগ করে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও ২ দিন ছুটির ব্যবস্থা চালু রয়েছে। সাংবাদিকদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সপ্তাহের নির্দিষ্ট দিন সাপ্তাহিক ছুটিও পান না। এতে তাদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে। অবিলম্বে সাংবাদিকদের সপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ করার দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিকদের চাইলেই চাকরিচ্যুত করা যেন নিয়মে পরিণত হয়েছে। তাই নির্দিষ্ট কারণ এবং ওয়েজ বোর্ড অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়া ছাড়া কোনোভাবেই সাংবাদিকদের চাকরিচ্যুত করা যাবে না।

গণমাধ্যম সাংবাদিক ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250