বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’

বাবার জেদ আর ছেলের ক্ষোভ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ষাটের কোঠায় থাকা এক দম্পতি হঠাৎ নিখোঁজ হয়ে যান। তাদের খুঁজতে নেমে পুলিশের সামনে লোমহর্ষক এক জোড়া খুনের ঘটনা চলে আসে। বাবার জেদ আর ছেলের ক্ষোভ শেষ পর্যন্ত কীভাবে ভয়ংকর খুনের ঘটনায় রূপ নেয়, পুলিশি তদন্তে তা উঠে আসে। খবর এনডিটিভির।

পুলিশ শ্যাম বাহাদুর (৬২) ও তার স্ত্রী ববিতাকে (৬০) খুন করার অভিযোগে তাদের ছেলে অম্বেশকে গ্রেপ্তার করেছে। এই তরুণ পেশায় প্রকৌশলী। পুলিশ বলেছে, অম্বেশই নিজের মা–বাবাকে হত্যা করে তাদের মৃতদেহ করাত দিয়ে টুকরা টুকরা করে কেটে নদীতে ফেলে দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অম্বেশের মুসলিম স্ত্রীকে তার পরিবার মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে মা–বাবার সঙ্গে অম্বেশের দীর্ঘদিন ধরেই ঝগড়া-বিবাদ চলছিল। শেষ পর্যন্ত অম্বেশও তার স্ত্রীর কাছ থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

বিবাহবিচ্ছেদের জন্য স্ত্রীকে ভরণপোষণের অর্থ দিতে হবে, এ জন্য অম্বেশের অর্থের প্রয়োজন পড়ে। তিনি বাবার কাছে অর্থ চান। কিন্তু অম্বেশের বাবা অর্থ দেবেন না বলে সাফ জানিয়ে দেন। পুলিশ জানায়, খুনের দিনও এ নিয়ে মা–বাবার সঙ্গে অম্বেশের তুমুল ঝগড়া হয়।

১৩ই ডিসেম্বর অম্বেশের বোন বন্দনা উত্তর প্রদেশের জৌনপুর জেলার জাফরাবাদ পুলিশ স্টেশনে মা–বাবা নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মা–বাবা ও ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ভাই অম্বেশ গত ৮ই ডিসেম্বর তাকে ফোন করে বলেছিলেন, তার (অম্বেশ) সঙ্গে ঝগড়ার পর মা–বাবা বাড়ি থেকে চলে গেছেন। তিনি তাদের খুঁজতে বের হচ্ছেন।

তার পর থেকে অম্বেশের ফোন বন্ধ এবং তিনি আর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বন্দনার অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনার তদন্তে নামে। বন্দনাকে অম্বেশের ফোন এবং তার ফোন যেখানে বন্ধ (সুইচ অফ) করা হয়েছে, তা দেখে পুলিশের মনে সন্দেহ জাগে।

এক সপ্তাহ পর পুলিশ অম্বেশকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং সব দোষ স্বীকার করে নেন।

শ্যাম বাহাদুর একজন অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী ছিলেন। তার স্ত্রী ববিতা। এ দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। ছেলে অম্বেশ প্রায় পাঁচ বছর আগে এক মুসলিম নারীকে বিয়ে করেন। তার মা–বাবা এই বিয়ে মেনে নেননি এবং তাদের মুসলিম পুত্রবধূকে বাড়িতে ঢুকতে দেবেন না বলে জানিয়েছিলেন।

অম্বেশের দুই সন্তান জন্মের পরও তার মা–বাবা তার মুসলিম স্ত্রীকে মেনে নেননি এবং তাকে বাড়িতে আনতে দেননি।

অম্বেশের ভাষ্য অনুযায়ী, বাবা শ্যাম বাহাদুর তাকে বারবার স্ত্রীকে ছেড়ে দিতে চাপ দিতেন। শেষ পর্যন্ত তিনি হাল ছেড়ে দেন এবং স্ত্রীকে বলেন, তাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। স্ত্রী এতে সম্মত হন এবং ৫ লাখ রুপি খোরপোষ দাবি করেন।

খোরপোষের অর্থ অম্বেশ জোগাড় করতে পারছিলেন না। কয়েক মাস ধরে তিনি জৈনপুরে মা–বাবার সঙ্গে বসবাস করছিলেন। ৮ই ডিসেম্বর তিনি স্ত্রীর ভরণপোষণের জন্য বাবার কাছে অর্থ চান। কিন্তু শ্যাম বাহাদুর রাজি হননি। এ নিয়ে মা–বাবার সঙ্গে অম্বেশের ঝগড়া শুরু হয় এবং উত্তেজিত অম্বেশ মসলা বাটার পাথরের তৈরি পুতা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।

এই দৃশ্য দেখে শ্যাম বাহাদুর চিৎকার শুরু করলে অম্বেশ তাকেও পুতা দিয়ে মাথায় একাধিকবার আঘাত করেন। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধ দম্পতি মারা যান।

হত্যার প্রমাণ নষ্ট করার জন্য অম্বেশ গ্যারেজ থেকে একটি করাত এনে প্রথমে মৃতদেহগুলো টুকরা টুকরা করেন এবং ছয়টি ব্যাগে ভরে সেগুলো গাড়ির বুটে রাখেন। ভোরে গাড়ি চালিয়ে নদীর পাড়ে গিয়ে টুকরা মৃতদেহগুলো নদীতে ফেলে দেন।

এরপর অম্বেশ বোন বন্দনকে ফোন করে বলেন, ঝগড়ার পর মা–বাবা বাড়ি থেকে বের হয়ে গেছেন। তিনি তাদের খুঁজতে বের হচ্ছেন। তারপর ফোন বন্ধ করে দেন।

অম্বেশ ছয় দিন বাড়ি ফেরেননি। তার ফোনও বন্ধ ছিল। ১৪ ডিসেম্বর হঠাৎ তিনি জৈনপুরে ফিরে আসেন। বোনেরা তার কাছে মা–বাবার খবর জানতে চান। কিন্তু তিনি বোন এবং অন্য স্বজনদের প্রশ্ন এড়িয়ে যেতে থাকেন।

বোনেরা পুলিশে খবর দেন। পুলিশ এসে অম্বেশকে জিজ্ঞাসাবাদ করে। শুরুতে তিনি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে ভেঙে পড়েন এবং মা–বাবাকে হত্যার কথা স্বীকার করেন।

অম্বেশের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহের টুকরাগুলো খুঁজতে শুরু করে। শ্যাম বাহাদুরের দেহের একটি অংশ উদ্ধার হয়েছে। বাকি অংশগুলো উদ্ধারের জন্য নদীতে তল্লাশি চলছে। দুজনকে হত্যায় ব্যবহৃত পুতা ও করাত উদ্ধার করা হয়েছে।

উত্তর প্রদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250