রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সংগীত ভুবনে ২০২৪ সালে পথচলার ৪০ বছর পূর্ণ করেছে রক-মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’। চার দশক পূর্তি উপলক্ষে সে বছর সেপ্টেম্বরে তারা ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’-এর অংশ হিসেবে আমেরিকায় পারফর্ম করে। তবে সেই ট্যুরে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল ছিলেন অনুপস্থিত।

এবার তিনি জানালেন, সে সময় মার্কিন দূতাবাস তার ভিসা আবেদন বাতিল করে দিয়েছিল। কারণ ছিল সামাজিক মাধ্যমে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার নিন্দা এবং যুদ্ধবিধ্বস্ত মুসলিমপ্রধান সেই দেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া।

এবার চলতি বছর গ্রীষ্মে আবারও মার্কিন মুলুকে কনসার্ট করতে যাচ্ছে ওয়ারফেজ। যদিও ভিসাপ্রাপ্তি নিয়ে কমলের অনিশ্চয়তা কাটেনি। তবে তার ভাষ্য, ‘‘যে দেশে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখতে পারব না, সেই দেশে আমার যাওয়ার দরকার নেই।’’ 

এবারের স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা তুলে ধরেন এই গিটারিস্ট। একসময় তিনি আমেরিকায় গিয়েছিলেন পড়াশোনা করতে, যদিও মর্মান্তিক এক দুর্ঘটনায় ছোটভাইকে হারিয়ে সেখান থেকে শূন্য মনে দেশে ফিরে এসেছিলেন।

সেই বেদনাদায়ক অধ্যায়ের স্মৃতিচারণ করে কমল লেখেন, ‘যারা সবসময় সত্যের পক্ষে, তাদের মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, তারা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি ৯০ দশকে যুক্তরাষ্ট্রের মিনিসোটায় পড়াশোনা করেছি। ওখানকার মানুষজন আমাদের প্রতি অত্যন্ত ভালো ছিলেন। ১৯৯৭ সালের ১১ আগস্ট এক আমেরিকান শ্বেতাঙ্গ মানুষের ভুলের কারণে আমার একমাত্র ছোটভাই আহমেদ ইসাক আব্দুল্লাহ কনক গাড়ি এক্সিডেন্ট করে মারা যায়। এতে আমাদের পরিবারটা ভেঙে পড়ে এবং আমি আব্বা-আম্মা কেউই এই বিপর্যয় থেকে উঠে দাঁড়াতে পারিনি। আমি ১৯৯৮-এ আমেরিকা থেকে চলে আসি পরিপূর্ণভাবে। এরপর আর যাইনি, যেতে চাই নাই।’ 

তিনি যোগ করে বলেন, ‘‘তবুও ২০২৪-এ ওয়ারফেজ’র ইউএসএ ট্যুরের জন্য ভিসার এপ্লাই করি। আমার ভিসা রিজেক্ট করে। এতে আমার কোন অনুশোচনা নেই। আমি যে আমেরিকা দেখে এসেছি ওই আমেরিকা আর নেই। এ ছাড়া আমার কাছে আমেরিকা পড়াশোনা করতে যাওয়ার একটা জায়গা ছাড়া নতুন কিছুই নয়।’’

বছর দুয়েক আগে ফিলিস্তিন ইস্যুতে ভিসা বাতিলের ঘটনা উল্লেখ করে ওয়ারফেজের গিটারিস্ট লেখেন, ‘এই বছর সামারে (গ্রীষ্ম) ওয়ারফেজের আমেরিকা ট্যুর আছে। আমার মনে হয় না আমি আমেরিকা যেতে চাই। দরকার নেই আমেরিকা শো করার।’ 

তিনি বলেন, ‘‘আমি মানবতায় বিশ্বাসী। যে দেশে যাওয়ার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখতে পারব না, সেই দেশে আমার যাওয়ার দরকার নেই। ওই দেশটা আমার জন্য অপয়া। দেশের মাটিতেই থাকব এবং সত্যকে সত্য বলব। সবসময় বলেছি আমার সংগীত শুধু বাংলাদেশী ও বাংলা ভাষাভাষীদের জন্য। কখনও বিশ্বজয়ের ইচ্ছে হয়নি। সত্যকে সত্য বলব।’’

প্রসঙ্গত, চলতি বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছে ব্যান্ড ‌‘ওয়ারফেজ’। দেশের প্রথম কোনো রকব্যান্ড হিসেবে এই অনন্য সম্মান লাভ করল তারা। এদিকে, আসন্ন গ্রীষ্মে আমেরিকায় কনসার্ট ট্যুরে যাওয়ার কথা রয়েছে ব্যান্ডটির। আয়োজক প্রতিষ্ঠান হিসেবে থাকছে আয়রনক্ল্যাড মেলোডি।

ইব্রাহিম আহমেদ কমল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250