বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন?

ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাঁচ দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরুর ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রস্তাবিত পাঁচ দফা উদ্যোগে প্রথমেই অবিলম্বে শত্রুতা বন্ধের কথা বলা হয়েছে। পাশাপাশি সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

দ্বিতীয় দফায় যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করার ওপর জোর দেওয়া হয়েছে। এতে ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। 

চীন ও পাকিস্তান বলেছে, সংলাপ ও কূটনীতি ছাড়া এই সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। আলোচনার সময় কোনো পক্ষ যেন বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি না দেয়, সেই বিষয়েও সতর্ক করা হয়েছে।

তৃতীয় দফায় বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে—বেসামরিক মানুষ, জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র, পানি শোধনাগার এবং শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

চতুর্থ দফায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে।

শেষ দফায় জাতিসংঘ সনদের ভিত্তিতে বহু পক্ষীয় উদ্যোগ জোরদার করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে একটি টেকসই শান্তি কাঠামো গড়ে তুলতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান।

জে.এস/

চীন-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250