ফাইল ছবি
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন (ইএসআইএফ) সম্পন্ন করতে হবে।
বোর্ড জানিয়েছে, ২০২১ সাল বা তার আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২০ সাল বা তার আগের এসএসসি উত্তীর্ণরা এই সুযোগ পাবেন। পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। তবে যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা (আইসিটি বাদে) রয়েছে এবং চতুর্থ বিষয় গ্রহণের কোনো সুযোগ প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য থাকছে না।
বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীর তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আগামী ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ শেষে ১৫ এপ্রিলের মধ্যে পূরণ করা ফরম ও নম্বরপত্রের মূল কপি বোর্ডে জমা দিতে হবে।
এছাড়া যারা কারিগরি বা মাদরাসা বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন, তাদের নম্বরপত্র সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক যাচাই করা (ভেরিফাইড) হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২২ এপ্রিল বোর্ড থেকে সংগ্রহ করতে হবে। যদি কোনো তথ্যে ভুল থাকে তবে ২৩ এপ্রিলের মধ্যে তা সংশোধন করে নিতে হবে। এছাড়া সরকারি বা বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
নির্বাচনি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটিসহ তিনটি নৈর্বাচনিক বিষয়সহ মোট ৬টি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। পাঠ্যসূচির গুচ্ছ বহির্ভূত কোনো বিষয় গ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে বলেও জানানো হয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন