ছবি: সংগৃহীত
চা শ্রমিক পরিবারের এক নাবালিকা মেয়ের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিশি। এবার নিজের জন্মভূমিতে প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটি। ইউরোপের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং পুরস্কার জয় করা এ সিনেমা এবার বাংলাদেশের দর্শকের সামনে আসছে।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম এবং প্রযোজনা করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ৬ই ডিসেম্বর বেলা ৩টায় ঢাকার জার্মান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে নিশির বাংলাদেশ প্রিমিয়ার।
এটি প্রথম বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে আমেরিকার সম্মানজনক এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডজয়ী। নির্মাতারা বলেন, ‘বিশ্বের নানা দেশে ছবিটি যাচ্ছে, পুরস্কারও পেয়েছে। কিন্তু বাংলাদেশের দর্শককে দেখানোর আনন্দটাই সবচেয়ে বড়।’
নিশির গল্পে ফুটে উঠেছে চা শ্রমিক পরিবারের এক নাবালিকা মেয়ের সংগ্রাম। পানি সংকটের কারণে তার পড়ালেখা থেমে যায়। এ অসহায় অবস্থাকে পুঁজি করে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেয়ার লোভ দেখায় কাঠ ব্যবসায়ী লালচাঁন এবং তাকে বিয়ে করতে চায়। বাস্তবের মাটির সঙ্গে ঘনিষ্ঠ এ গল্প আন্তর্জাতিক দর্শকের কাছেও সিনেমাটিকে নতুন মাত্রা দিয়েছে।
চলচ্চিত্রটির সম্পাদনা, রঙ ও সাউন্ডের চূড়ান্ত কাজ হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে, যেখানে চিত্রগ্রহণ করেছেন একই প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী নাতালিয়া পুসনিক। সিনেমাটির শুটিং করা হয়েছে সিলেটের একটি চা–বাগান ও আশপাশের এলাকায়। অভিনয় করেছেন স্থানীয় শ্রমিকদের সন্তান নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী, যারা সিনেমায় তাদের স্বাভাবিক ও বাস্তব জীবনের অভিজ্ঞতাকে প্রতিফলন করেছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন