শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন এক বাস্তবতায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোটের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) ভোটের ফলাফল নিয়ে বিবিসি, এএফপি, রয়টার্স, গার্ডিয়ান, আল-জাজিরা ও সিএনএনসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কী বলছে, এক নজরে দেখে নেওয়া যাক—

বিবিসি

নির্বাচনের দিন সকাল থেকেই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সরাসরি (লাইভ) ভোটের খবর প্রকাশ করে যাচ্ছে। ভোটের নানা খবর ও ফলাফল প্রকাশের পাশাপাশি বিভিন্ন দলের নেতাদের প্রতিক্রিয়া জানাচ্ছে।

বিবিসি তাদের একটি খবরের শিরোনাম করেছে, ‘১৭ বছর নির্বাসনে থাকা এক ব্যক্তির নাটকীয় উত্তরণ’।

এ শিরোনামের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের কথা বলা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি নির্বাচনে বড় জয় পেতে চলেছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বরাতে বিবিসি বলেছে, ‘এই মুহূর্তে বাংলাদেশে সবার আগে প্রয়োজন স্থিতিশীলতা ও শান্তি…আমরা এটিকে (ভোটের ফলাফল) আমাদের বিজয় হিসেবে নয়; বরং এ দেশের সেবা করার জন্য আমাদের দলের ওপর জনগণের আস্থা হিসেবে দেখছি।’

আমীর খসরু আরও বলেন, ‘গত এক দশকে যেসব গণতান্ত্রিক ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে সেগুলো আবার কার্যকর করে গড়ে তুলতে হবে।’

রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশে ভোটের ফলাফল নিয়ে খবরের শিরোনাম করেছে, ‘বিএনপির বিজয় ঘোষণা, তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী’।

প্রতিবেদনে বাংলাদেশের তরুণ ভোটার বা জেন–জিদের প্রত্যাশাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের পাশাপাশি সংবিধান প্রশ্নে গতকাল গণভোটও অনুষ্ঠিত হয়। রয়টার্সের খবরে গণভোটে ‘হ্যাঁ’ জিততে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে। তবে বলেছে, আনুষ্ঠানিক ফলাফল এখনো আসেনি।

দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরের শিরোনাম, ‘হাসিনার উৎখাতের পর ঐতিহাসিক প্রথম নির্বাচনে বিএনপির জয় দাবি’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ জয় প্রত্যাশিতই ছিল। একটি দলের ওপর বাংলাদেশের জনগণের আস্থা রয়েছে, অভ্যুত্থানের সময় আমাদের তরুণেরা যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে করতে সেই দল সক্ষম; এতে অবাক হওয়ার কিছু নেই।’

আল–জাজিরা

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাও বিএনপির জয়ের খবর দিয়ে শিরোনাম করেছে।

নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল অনুযায়ী বিএনপির পর সবচেয়ে বেশি আসন পেতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আল–জাজিরা তাদের খবরে আরও বলেছে, ‘জামায়াত ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।’

এএফপি

এএফপিও তাদের খবরে বিএনপির বিজয়কেই বেশি গুরুত্ব দিয়েছে। সেই সঙ্গে ফরাসি সংবাদমাধ্যমটি ভোটের দিন এবং নির্বাচন–পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।

সিএনএন

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরের শিরোনাম,  ‘বাংলাদেশে জেন–জিদের অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বড় জয় পেল বিএনপি।’

বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএন তাদের প্রতিবেদনের শুরুতে বলেছে, বিএনপি সংসদ নির্বাচনে বড় জয় পাচ্ছে। গুরুত্বপূর্ণ এ ভোটে দলটি তাদের পক্ষে বড় ধরনের জনমত পেয়েছে। এই নির্বাচনের ফলে দক্ষিণ এশিয়ার দেশেটিতে রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃস্থাপিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

এনডিটিভি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের খবরের শিরোনাম করেছে, ‘১৭ বছর নির্বাসনের পর, বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন।’

এনডিটিভি বলেছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বৃহস্পতিবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে বিশাল জয় নিশ্চিত করেছে। এই জয় ৬০ বছর বয়সী তারেক রহমানের বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি আরও বলেছে, ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে আসা তারেক ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি ও তারেক রহমানকে বড় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

জে.এস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250