জেন-জি আন্দোলনের জের ধরে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অলি। ছবি: সেতোপতি
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির মার্কস ও লেনিনপন্থী কমিউনিস্ট পার্টির (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা অলি অবশেষে সেনাবাহিনীর সুরক্ষা থেকে বেরিয়ে এসেছেন। গত ৯ই সেপ্টেম্বর থেকে তিনি শিবপুরীতে অবস্থিত নেপাল আর্মির স্টাফ কলেজে অবস্থান করছিলেন। গতকাল বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) তিনি সেখান থেকে বের হয়ে আসেন। খবর সেতোপতির।
অলির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তিনি এখন নেপালের ভক্তপুর জেলার গুণ্ডু এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠেছেন। এর আগে গত ৯ই সেপ্টেম্বর ‘জেন-জি’ আন্দোলনের সময় তার বালকোটের সরকারি বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
৮ই ও ৯ই সেপ্টেম্বর জেন-জি আন্দোলনের জের ধরে অলি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এ অবস্থায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
নেপালের সংবাদমাধ্যম ‘সেতোপতি’ জানিয়েছে, সংবিধান দিবসের (আজ ১৯ই সেপ্টেম্বর) আগের দিন সেনা সুরক্ষা ছেড়ে বেরিয়ে এলেন অলি। তবে এই বিষয়ে তার দল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সিপিএন–ইউএমএলের প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম বলেছেন, ‘চেয়ারম্যান এখন কোথায় অবস্থান করছেন, সেই বিষয়ে দলের কোনো তথ্য নেই।’
জে.এস/
খবরটি শেয়ার করুন