ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামের তারুণ্যের অন্যতম উৎসব পার্বত্য মেলা। পাহাড়ি জনপদের এক টুকরো অংশকে নগরবাসীর কাছে তুলে ধরতে রাজধানীতে চলছে এই মেলার আয়োজন। ২৯শে জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এই মেলা চলবে। বুধবার (২৯শে জানুয়ারি) বিকেলে এ মেলার উদ্বোধন হয়। উৎসবমুখর পরিবেশে মেলা ও তারুণ্যের উৎসব উদযাপিত হচ্ছে।
মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
এ সময় ঐতিহ্যবাহী বাঁশি ও বাদ্য বাজানো হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। মেলার উদ্বোধন শেষে উপদেষ্টারা মেলার স্টলগুলো ঘুরে দেখেন। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) এসব তথ্য জানানো হয়।
মেলায় বাঁশ, বেত ও ছনের ৮১টি স্টলকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। এবারের মেলা প্রাঙ্গণকে স্বাস্থ্যসম্মত ও আকর্ষণীয় করতে রেডলাইন মিডিয়া পুরো মেলা প্রাঙ্গণে প্লাস্টিক পণ্য বর্জন করছে। পাহাড়ি ও বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে এ মেলা। আপ্যায়নে পাহাড়ি খাবার মেন্যুতে থাকছে বৈচিত্র্য। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। এখানে তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্য, ফল ও শস্য এবং নানা খাবারের প্রদর্শনী থাকছে। মেলা সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত থাকে পার্বত্য তিন জেলার ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
হা.শা./কেবি