ছবি: ভিডিও থেকে নেওয়া
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খানকে আটক করেছে পুলিশ। কারাবন্দী ভাইয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ায় তারা আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নিয়েছিলেন। খবর দ্য ডনের।
ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, মঙ্গলবার (১৮ই নভেম্বর) রাতে ইমরান খানের তিন বোনকে আটক করার আগে পুলিশ তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং জোরজবরদস্তি করে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গেছে।
ইমরান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী। কারা কর্তৃপক্ষ দলীয় নেতা-কর্মী বা পরিবারের সদস্যের সঙ্গে ইমরানকে দেখা করতে দিচ্ছে না। এর প্রতিবাদে পিটিআই নেতা-কর্মী ও ইমরানের পরিবারের সদস্যেরা কারাগার প্রাঙ্গণের বাইরে অবস্থান নেন। তারা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে এ বিষয়ে আদালতের আদেশ লঙ্ঘন করার অভিযোগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পিটিআই থেকে বলা হয়, যখন পুলিশ অভিযানে নামে, তখন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খান আদিয়ালা কারাগারের সামনে শান্তিপূর্ণভাবে বসে ছিলেন।
পোস্টে আরও বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার স্থানীয় সরকার মন্ত্রী মীনা খান আফ্রিদি, এম এন এ শাহিদ খট্টক এবং অন্যান্য দলীয় কর্মী, যাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন, তারা সহিংসতার শিকার হয়েছেন এবং পুলিশ তাদের উঠিয়ে নিয়ে গেছে।
আদালতের আদেশ থাকার পরও কেন ইমরান খানের সঙ্গে প্রতি সপ্তাহে তার পরিবারকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে ওই পোস্টে আরও বলা হয়, ‘আদালতের নির্দেশে একজন কারাবন্দীর অধিকার অনুযায়ী ইমরান খানকে তার পরিবারের সঙ্গে প্রতি সপ্তাহে নিয়মিত সাক্ষাৎ করতে দেওয়া উচিত নয় কি? তার পরিবারের সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে দমন ও সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে’।
জে.এস/
খবরটি শেয়ার করুন