ছবি: সংগৃহীত
ভোলা জেলার অর্থনৈতিক উন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভায় গ্যাসভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সরকারের তিন উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন, গৃহস্থালীর কাজে গ্যাস সংযোগ দেওয়া হবে না। ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ নতুনভাবে সম্ভাব্যতা যাচাই করে শুরু হবে।
শুক্রবার (১৪ই নভেম্বর) ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপদেষ্টারা এ আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। খবর বাসসের।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফায়জুল কবির খান, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
সভায় তিন উপদেষ্টা বলেন, গ্যাস সমৃদ্ধ ভোলাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া এখানে শিল্প কলকারখানা স্থাপনে বিভিন্ন স্বনামধন্য কোম্পানীগুলোও আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে ভোলার প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে দ্বীপজেলা ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। তারা ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেঁতুলিয়া নদীতীর এলাকায় একটি জায়গা পরিদর্শন করেন। এরপর উপদেষ্টারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নে আরেকটি জায়গা পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা দুটি জায়গা দেখলাম, এর মধ্যে ফিজিবল যেটা সেটা আমরা নেবো। আমরা চেষ্টা করবো নতুন কোনো জায়গা যেন অধিগ্রহণ করতে না হয়। তিনি আরও বলেন, দেশের অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, ভোলায় তো গ্যাস পাওয়া যাচ্ছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন