বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরের নামে বকেয়া কর পরিশোধের নোটিশ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বাংলা গানের জনপ্রিয় ও কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৬ই জুলাই ৬৪ বছর বয়সে মারা যান প্লেব্যাক সম্রাটখ্যাত এই শিল্পী। মৃত্যুর পাঁচ বছর পর তার নামে পাঠানো হয়েছে বকেয়া কর পরিশোধের নোটিশ।

উপ-কর কমিশনারের কার্যালয় কর সার্কেল ২৫৩, কর অঞ্চল ১২, ঠিকানা ৩/৪ পুরানা পল্টন, মদিনা টাওয়ার থেকে নোটিশটি পাঠিয়েছেন সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন। এটি পাঠানো হয়েছে শিল্পী এন্ড্রু কিশোরের রাজধানীর মিরপুরস্থ সেনপাড়া পর্বতার বাসার ঠিকানায়।

নোটিশে উল্লেখ করা হয়, ২০০৫-২০০৬ কর বছরে এন্ড্রু কিশোরের সরল সুদ হয়েছে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২-২০১৩ কর বছরে শিল্পীর কাছে আয়কর বাবদ পাওনা রয়েছে ৪২ হাজার ৮৯১ টাকা এবং এর সরল সুদ ৭ হাজার ৪৮৯ টাকা।

সব মিলিয়ে শিল্পীর কাছে ৭২ হাজার ৮০৩ টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়। নোটিশটি ইস্যু করা হয়েছে চলতি বছরের ১লা সেপ্টেম্বর। ১১ই সেপ্টেম্বরের মধ্যে শিল্পীকে বকেয়া পরিশোধের অনুরোধ করা হয়েছে, অন্যথায় তাকে খেলাপি করদাতা হিসেবে গণ্য করা হবে।

এ ছাড়া বকেয়া কর অনাদায়ে প্রয়াত শিল্পীর বিরুদ্ধে জরিমানা ধার্য, সার্টিফিকেট মামলা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দকরণ, মালামাল ক্রোক, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সেবা বিচ্ছিন্নকরণ, জেল এবং অন্যান্য বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কথা হয় গীতিকার, সুরকার ও শিল্পীদের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্ল্যাপ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল হাসানের সঙ্গে।

তিনি বলেন, ‘এন্ড্রু কিশোর দেশের একজন কিংবদন্তি শিল্পী। তাকে ২০ বছর আগের বকেয়া পরিশোধের জন্য নোটিশ পাঠানো হয়েছে; অথচ তিনি পাঁচ বছর আগে মারা গেছেন, এটা সবার জানা। এমনকি নোটিশে তার নামের পাশে মৃতও উল্লেখ করা হয়েছে। তিনি মারা গেছেন, এটা যদি অফিস জানে, যদি ২০ বছর আগের বকেয়া থেকে থাকে, তাহলে শিল্পী মারা যাওয়ার পাঁচ বছর পর কীভাবে নোটিশ পাঠানো হলো? কেন তাকে জেল-জরিমানা করা হবে উল্লেখ করা হলো? বকেয়া থাকলেও সেটা তো তার পরিবারের সদস্যদের পরিশোধ করার কথা বলা যেতে পারে, প্রয়াত শিল্পীকে নয়। আমি মনে করি, এটা শিল্পী, শিল্পীর পরিবার ও সংগীতজগৎকে বিব্রত করে।’

এ বিষয়ে কর অঞ্চল ১২, কর সার্কেল ২৫৩-এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনের চোখে সবাই সমান। এন্ড্রু কিশোরের নামে যেহেতু কর বকেয়া রয়েছে, তাই তার নামে অফিশিয়ালি নোটিশ পাঠানো হয়েছে। তার আয় করা অর্থ বা সম্পত্তি যারা ভোগ করছেন অর্থাৎ পরিবারের সদস্যরা এখন বকেয়া পরিশোধ করবেন। এ ধরনের চিঠি প্রয়াত নায়করাজ রাজ্জাকের নামেও পাঠানো হয়েছিল। তার পরিবারের সদস্যরা কর বকেয়ার বিষয়টি জানতেন না। জানার পর তারা নায়করাজের বকেয়া পরিশোধ করছেন।’

কিন্তু মৃত ব্যক্তিকে কীভাবে জেল-জরিমানা করা হবে এবং যেহেতু এন্ড্রু কিশোর মারা গেছেন, তাহলে বকেয়া কর পরিশোধের জন্য পরিবারের সদস্য বা তার ওয়ারিশদের কথা উল্লেখ করা যেত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক; চিঠির ভাষা একটু ভিন্ন হতে পারত। পরিশোধের জন্য পরিবারের সদস্যদের বলা যেতে পারত। আসলে এটা আমাদের কমন ফরমেট চিঠি। যাদের কর বকেয়া আছে, তাদের কাছে এমন চিঠি পাঠাতে হয়।’

জে.এস/

এন্ড্রু কিশোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250