সোমবার, ৩০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংসদের ‘ঘোলা পানি’ পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

#

ফাইল ছবি

সংসদ ভবন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘পানির সমস্যা বেশি। আমরা গত দুই-তিন দিন ঘোলা পানি পেয়েছি। এ কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। ঘোলা পানির সমাধানের জন্য আমরা সরকারকে বলব। এখানে ১ কোটি লিটার পানির দরকার কিন্তু এখানে ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়। এখানে খুবই সংকট।’

আজ সোমবার জাতীয় সংসদে সংসদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন চিফ হুইপ। কমিটির সভাপতি নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত।

আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, ‘প্রয়োজনীয় জিনিসপত্র বলতেই কিছুই নেই। আবার কিছু কিছু ২০০০ সালে তৈরি হয়েছে, কিছু নষ্ট হয়েছে। সেগুলো ঠিক করেছি আমরা। সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চায় তারা খুব শিগগিরই বাসায় উঠতে পারবেন।’

সংসদের সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না জানিয়ে চিফ হুইপ বলেন, ‘আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু বিদ্যমান সাউন্ড সিস্টেম যাতে কাজ করে সে চেষ্টা করা হচ্ছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেবে।’

সময় বরাদ্দ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অভিযোগ প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘কথাটা সঠিক না। সাধারণত সংসদে কথা বলে বিরোধী দল। সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। বিল নিয়ে কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বাজেট অধিবেশনেও কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শুধু রাষ্ট্রপতির ভাষণের আলোচনার বিষয়টি সমভাবে বণ্টন করে দিয়েছি। তারা যত ঘণ্টা পেয়েছেন, তারাই সেটা ভাগ করে দেবেন। আমি শুধু নামটা দেব।’

এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক্যানটিনের খাবারের মান যাচাই, সংসদ ভবন এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই ও সংসদ সদস্য ভবনের ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দুটি সাব কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ভবনের প্রয়োজনীয় আসবাবপত্র কেনাকাটার ক্ষেত্রে বিগত স্বৈরাচারের আমলের মতো বালিশ, পর্দা ও ছাগলকাণ্ডের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি আসবাবপত্রের গুণগত মান ভালো রাখা ও একই সঙ্গে ক্রয়মূল্য যেন যুক্তিসংগত হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে।

নূরুল ইসলাম মনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250