ফাইল ছবি (সংগৃহীত)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে হেফাজত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদসহ আটটি রাজনৈতিক দল ও সংগঠন। আগামীকাল রোববার (২৫শে মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজ শনিবার (২৪শে মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা পৌনে ছয়টায় যমুনায় এ বৈঠকে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার দলের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন ছাড়াও খেলাফত মজলিস, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতের শীর্ষ নেতারা আগামীকালের এ বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন শীর্ষ রাজনৈতিক নেতারা।
আজ সন্ধ্যা সাড়ে সাতটার পর যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। এরপর জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বৈঠক হচ্ছে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন