ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি নতুন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।
ভোটকে কেবল একটি ব্যক্তিগত অধিকার নয়, বরং ‘শহীদদের রক্তে রঞ্জিত আমানত’ হিসেবে উল্লেখ করে তিনি নির্বাচনের পবিত্রতা রক্ষায় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
ডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে লেখেছেন, আলহামদুলিল্লাহ। একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।
আমার প্রিয় দেশবাসী ভয়হীনভাবে ভোট দিন: সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।
সতর্ক থাকুন: ভোটদান থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত যে কোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন।
মনে রাখবেন, আজকের এই ভোট শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।
যারা সত্য ও ন্যায়ের পথে সচেষ্ট থাকে, আল্লাহ কখনোই তাদের শ্রম বৃথা যেতে দেন না। ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য ও বিজয় সন্নিকটে (নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব)। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
জে.এস/
খবরটি শেয়ার করুন