মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে

কমেছে ডিম-পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি ও ডিমের ডজনের দাম ৫ থেকে ১০ টাকা কমেছে। আলু কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারিতে রসুনের দাম কমলেও খুচরায় এর প্রভাব নেই। সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম কমেতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামবাজার, রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় গত সপ্তাহে দেশি পেঁয়াজের কেজি ছিল ৮০ থেকে ৯০ টাকা। এখন ৫ থেকে ১০ টাকা কমে কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়।

বিক্রেতারা বলছেন, আমদানি বাড়ায় দেশি ও আমদানি—দুই ধরনের পেঁয়াজের দামই কমেছে। আলুর সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।

আগের সপ্তাহে ভারতীয় পেঁয়াজের কেজি ছিল ৭০ থেকে ৭৫ টাকা, এখন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। ফার্মের মুরগির ডিমের ডজন ছিল ১৫৫ থেকে ১৬০ টাকা, এখন ৫ থেকে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডায়মন্ড জাতের আলু কেজিতে পাঁচ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারিতে রসুনের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমলেও খুচরায় আগের বাড়তি দামেই দেশি ও চায়না জাতের রসুন বিক্রি হচ্ছে।

চায়না রসুন ২৪০ টাকা ও দেশি রসুন ২৫০ থেকে ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহ ঘুরে বেশ কিছু সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে।

তবে মুরগির দামে কোনো পরিবর্তন নেই। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। সোনালি মুরগি মানভেদে কেজি ৩০০ থেকে ৩২০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। চিকন মসুর ডাল ১৪০ ও মোটা মসুর ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। খোলা চিনি ১৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্যাকেটজাত আখের (লাল) চিনি ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক এবং শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাজেদ এদিন বলেন, সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজ কেজিতে পাঁচ থেকে সাত টাকা কমেছে। চায়না রসুন কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। পাইকারিতে বৃহস্পতিবার ভারতের পেঁয়াজ কেজি ৫২ থেকে ৫৫ টাকা ও দেশি পেঁয়াজ ৬৮ থেকে ৭২ টাকায় বিক্রি হয়েছে। চীনের রসুন কেজি ১৭০ টাকা ও দেশি রসুন ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। তিনি বলেন, বাজারে এখন দেশি রসুনের সরবরাহ কম। এ কারণে চীনের রসুনের চেয়ে দেশি রসুনের দাম বেশি।

পেঁয়াজের দাম কমার প্রভাব ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরেও দেখা গেছে। প্রতিষ্ঠানটির বৃহস্পতিবারের বাজারদরে দেখা গেছে, এক সপ্তাহে ভারতীয় পেঁয়াজ কেজিতে ৭ থেকে ৮ শতাংশ এবং দেশি পেঁয়াজ কেজিতে ৫ শতাংশ দাম কমেছে। তবে রসুনের দামে নড়চড় নেই।

বাড্ডার ডিম ব্যবসায়ী মো. রশিদ বলেন, ডিমের দাম কমে গেছে। এ কারণে বিক্রিও আগের চেয়ে বেড়েছে। বৃহস্পতিবার পাইকারিতে ১০০টি ডিমের দাম রাখা হয়েছে এক হাজার ২১০ টাকা। সে হিসাবে প্রতি ডজন কিনতে খরচ পড়েছে ১৪৫ টাকার মতো। খুচরায় ডজন বিক্রি করছি ১৫০ টাকায়। তিনি বলেন, গত সপ্তাহে পাইকারিতে ১০০ পিস ডিম কিনতে খরচ হতো এক হাজার ২৫০ টাকা। তখন ডজনপ্রতি খরচ পড়ত ১৫০ টাকা, বিক্রি করেছি ১৫৫ টাকায়।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম কমেছে। বেগুন আকারভেদে কেজি ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০, কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০, ঢেঁড়স, পটোল, চিচিঙ্গা ৫০ থেকে ৬০, টমেটো ১২০ থেকে ১৫০, কাঁকরোল ৭০ থেকে ৮০, শসা ৫০ থেকে ৭০, কচুমুখি ৮০, বরবটি ৮০ থেকে ১০০, ঝিঙা ৮০, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর বাড্ডা বাজারের সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ তরফদার বলেন, পাইকারি বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম। এক সপ্তাহ আগের তুলনায় বিভিন্ন সবজি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে।

এসকে/ 

রাজধানী দাম ডিম পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250