মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না—ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ব্যবস্থা নেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বেশ আগের এক ভিডিও সাম্প্রতিক সময়ে আবারও সামনে এসেছে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গেছে, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে চান না।’ প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল ভিডিওকে ঘিরে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, তিনি সংশ্লিষ্ট ভিডিওটি দেখেননি। ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি। তবে যদি এমন কোনো ভিডিও থেকে থাকে, সেটি সত্য বা মিথ্যা যাই হোক, আমরা সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব।’

নতুন করে সামনে আসা সেই ক্লিপটি ছিল এফবিআইয়ের পরিচালকের সঙ্গে এক সংবাদ সম্মেলনের সময়ের। সেখানে ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন। তিনি বলেন, ‘মোদি একজন মহান মানুষ, তিনি ট্রাম্পকে ভালোবাসেন।’ তবে ‘ভালোবাসেন’ শব্দটি যেন অন্যভাবে ব্যাখ্যা না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

ভিডিওতে ট্রাম্প বলেন, ‘তিনি একজন মহান মানুষ। মোদি একজন মহান মানুষ, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। এখন, ভালোবাসা শব্দটি নিয়ে আমি জানি না, আমি চাই না আপনারা এটি অন্যভাবে নেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। কিন্তু আপনাদের বুঝতে হবে, আমি বহু বছর ধরে ভারতকে দেখছি। আমার বন্ধু সেখানে অনেক দিন ধরে আছেন।’

রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ‘রাশিয়া ও ভারতের মধ্যে নানা বিষয়ে চলমান সম্পৃক্ততা ও সহযোগিতা রয়েছে। বাণিজ্য থেকে শুরু করে মানুষে-মানুষে সাংস্কৃতিক যোগাযোগ, প্রতিরক্ষা সহযোগিতা—সব ক্ষেত্রেই সম্পর্ক রয়েছে। আমাদের এই দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিকই ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্যাক্টশিট নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র যে সাম্প্রতিক সংশোধন করেছে, তা দুই দেশের মধ্যে হওয়া ‘যৌথ বোঝাপড়া’র প্রতিফলন। হোয়াইট হাউসের ফ্যাক্টশিটে করা পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামো নিয়ে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল, সেটিই দুই পক্ষের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি হিসেবে বহাল রয়েছে।

জয়সওয়াল বলেন, ‘আপনারা জানেন, পারস্পরিক ও পরস্পরের জন্য উপকারী বাণিজ্য নিয়ে অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামো বিষয়ে ভারত-যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি ৭ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছিল। সেই যৌথ বিবৃতিই হলো কাঠামো এবং এটি এখনো আমাদের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি। এখন উভয় পক্ষ এই কাঠামো বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার দিকে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফ্যাক্টশিটে যে সংশোধন করা হয়েছে, তা যৌথ বিবৃতিতে থাকা অভিন্ন বোঝাপড়ারই প্রতিফলন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নথিতে সংশোধনের খবর প্রকাশের পর এই ব্যাখ্যা আসে। এর আগে ওই নথির কিছু অংশ ভারতের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উঠে এসেছিল।

জে.এস/

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250