বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে খুলছে অফিস: ক্ষেপণাস্ত্র-বোমার মধ্যেও স্বাভাবিকে ফেরার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৬

#

ছবি: এএফপি

ইরানে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে অফিস-আদালত খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা জানিয়েছে ২০ শতাংশ কর্মী আগামীকাল (৮ই মার্চ) রোববার থেকে অফিস করবেন। খবর আল জাজিরার।

এদিকে হামলার আশঙ্কা থাকার পরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্লাইট চালু হচ্ছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বেশ কিছু ফ্লাইট মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে ছেড়ে গেছে।

ইরানে গত ২৮শে ফেব্রুয়ারি হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। এদিন হত্যা করা হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। পাল্টা হামলা শুরু করে ইরানও। এর মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়ে। তবে এই কাজে গতি আনার ঘোষণা দেওয়া হয়েছে গতকাল।

আল জাজিরার খবরে বলা হয়, রোববার থেকে দেশটির সব মন্ত্রণালয়ের কার্যক্রম চালু হবে। সব সরকারি সংস্থার অফিস খুলে দেওয়া হবে। তেহরান প্রদেশে ২০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসে যাবেন।

এদিকে যুদ্ধ শুরুর পরও জরুরি সেবা স্বাভাবিক রাখা হয়েছিল। মরদেহ দাফনের সঙ্গে যারা জড়িত, মিউনিসিপ্যালিটি, মেডিকেল সেন্টার, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম এগিয়ে নিচ্ছিল। এসব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে ইরান সরকার।

তেহরানের প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রদেশের সব ব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তাদের অফিসে গিয়ে কাজ করতে হবে রোববার থেকে।

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে ফ্লাইট চালু হচ্ছে। ঝুঁকি এখনো পুরোপুরি না কাটলেও এই পথে হাঁটছে তারা। এমিরেটস এয়ারলাইনস গত বৃহস্পতিবারই কার্যক্রম শুরু করেছে। তাদের পক্ষ থেকে গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩০ হাজার যাত্রীকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে।

গতকাল এমিরেটস এয়ারলাইনসের এক মুখপাত্র বলেন, তারা আগামী কয়েক দিনের মধ্যে পুরোদমে কার্যক্রম শুরু করবে।

একই ধরনের ঘোষণা দিয়েছে এয়ারলাইনস ইতিহাদ। তারাও পুরোপুরি কার্যক্রম শুরুর চেষ্টা করছে। এ ছাড়া ভারতের দুই এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে।

রয়টার্স বলছে, এয়ারলাইনস কোম্পানিগুলো ফ্লাইট চালু করতে চাইলেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকায় অনেক দেশ এখনো আকাশসীমা বন্ধ রেখেছে।

এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার আরব আমিরাত থেকে ফ্রান্সে যাওয়ার কথা ছিল এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট। সেই সময় আকাশে ক্ষেপণাস্ত্র উড়তে থাকায় সেটি আবার ফিরে এসেছে।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250